জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (১২ জুন) রাতে শহরের বাটার মোড় এলাকার ‘জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের গোডাউনে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কুরিয়ার সার্ভিসের ওই গোডাউনে নিষিদ্ধ সিরাপের একটি বড় চালান রয়েছে- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সেখানে তল্লাশি চালায়।
যৌথ অভিযানে গোডাউনটি থেকে ২৬টি কার্টন ভর্তি মোট ৭ হাজার ৫৭৭ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত সিরাপের মধ্যে রয়েছে- ৩ হাজার ৮৪০ বোতল এমএস আঙ্গুর, ১ হাজার ১৫০ বোতল চিত্রাস, ৭৬৫ বোতল তুলসী, ৫৭৬ বোতল আর আগুন, ৩৮৪ বোতল পি জিনাসিন, ৩৮২ বোতল রোজকন, ৩৬০ বোতল সিভিট গোল্ড, ৭২ বোতল উইবিটস্ এবং ৪৮ বোতল এনারন সিরাপ। যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৩৫ হাজার ৫০ টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপের বিষয়ে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কার্যক্রম শেষ হওয়ার পর মালামালগুলো ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে নিয়ম অনুযায়ী তা ধ্বংস করা হবে।


