দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ খারনই বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারীর (পিএসসি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (রবিবার) রাত আনুমানিক সোয়া ৯টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের খারনই বিওপির ছয় সদস্যের একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মূল পিলার ১১৭৭/১৪-এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের উত্তর খারনই নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল মদ জব্দ করে বিজিবি সদস্যরা।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। উদ্ধারকৃত ভারতীয় মদ নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। দেশের সীমান্ত অঞ্চলে শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
পড়ুন : নেত্রকোনায় শিশুখাদ্যে ভেজাল ও বাসি খাবার সংরক্ষণ: ২ প্রতিষ্ঠানকে জরিমানা


