২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (১৪ জুন) ভোর চারটায় গ্রুপ ‘সি’র ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে দলটি। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামছে সেলেসাওরা।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যাচটি জয়ের সম্ভাবনা ব্রাজিলের ৫৮.৬ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫ শতাংশ, আর মরক্কোর জয়ের সম্ভাবনা ১৮.৮ শতাংশ।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মতো সফল দল আর নেই। ১৯৩০ সালে টুর্নামেন্টের সূচনার পর থেকে প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দেশ তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপার লক্ষ্যে মাঠে নামছে।
তবে শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দীর্ঘ ২৪ বছর। ফলে এবারও ব্যর্থ হলে ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।
আনচেলত্তির নতুন ইতিহাসের হাতছানি
এই বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে রয়েছেন কিংবদন্তি ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তিনি ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ; দুই শিরোপা জয়ী কোচদের বিশেষ তালিকায় নাম লেখানোর সুযোগও রয়েছে তার সামনে। এর আগে কেবল মার্সেলো লিপ্পি ও ভিসেন্তে দেল বস্কে এই কৃতিত্ব অর্জন করেছেন। আনচেলত্তির অন্যতম লক্ষ্য হবে ১৯৮২ সালের পর থেকে বিশ্বকাপের প্রতিটি আসরে নিজেদের গ্রুপের শীর্ষে থাকার ব্রাজিলের ধারাবাহিকতা বজায় রাখা।
পড়ুন- নাঈমকে মারধর: ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটাররা, বিসিবির কড়া প্রতিক্রিয়া


