নাটোরের লালপুর উপজেলায় ইউপি সদস্য মনির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আহত রেজাউল করিম শিহাব।
শনিবার বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৭ মে ইউপি সদস্য মনির হোসেন
তার অনুসারীদের নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
রেজাউল করিমের দাবি, হামলার সময় পরিবারের নারীদের গহনা ও নগদ টাকা নিয়ে যাওয়া হয় এবং প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
অভিযুক্ত ইউপি সদস্য মনির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


