জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের মামলার প্রধান আসামি ইনছের আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইনছের আলী ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামের মৃত বিনছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জুন) দুপুরে মাটিহাঁস গ্রামের একটি নির্জন মাঠে ওই তরুণীকে ধর্ষণ করে ইনছের আলী। ভুক্তভোগীর মামা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় একটি মহল বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে তারা পুলিশকে জানান। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ দ্রুত মামলা নিয়ে আসামিকে গ্রেফতারে অভিযানে নামে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদুল আলম জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি ইনছের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পড়ুন : আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির উপর ক্ষেপে যাওয়া বিএনপি নেতার শাস্তি দাবি


