টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার গাড়াইল এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান দেলদুয়ার উপজেলার পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুরের গাড়াইল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভবনের ছাদে টাঙানো ব্রাজিলের একটি পতাকা ধরতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
তবে নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
মির্জাপুর থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন : এসিযুক্ত কুঁড়েঘরে ববিতার মাদকের আস্তানা, সিসিটিভিতে নিয়ন্ত্রণ


