দীর্ঘ প্রায় এক বছর দুই মাস বন্ধ থাকার পর জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৭ জুলাই থেকে এই রুটে পুনরায় ডানা মেলবে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-নারিতা রুটে শুরুতে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রীদের চাহিদা এবং বাণিজ্যিক লাভ-ক্ষতি বিবেচনা করে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিমান কর্তৃপক্ষের।
এর আগে হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজের তীব্র সংকট এবং বাণিজ্যিকসহ নানা অপারেশনাল চ্যালেঞ্জের মুখে গত ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল বিমান।
এই রুটটি পুনরায় চালুর বিষয়ে আগামীকাল সোমবার (১৫ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। কালকের এই সংবাদ সম্মেলন থেকেই ফ্লাইটের চূড়ান্ত সময়সূচি, টিকিট বুকিং, ভাড়া এবং উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করা হয়েছিল। কিন্তু নানা সংকটে পড়ে প্রায় দুই বছর সচল থাকার পর ২০২৫ সালে আবারও রুটটির কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় বিমান।
সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, দ্বিপাক্ষিক বিনিয়োগ, শিক্ষা এবং জনশক্তির যাতায়াত উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই পরিস্থিতিতে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনরায় সচল করার এই সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন : আরো দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক


