দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সভার আয়োজন করা হয়।
সভার মূল কার্যক্রম শুরুর আগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি ব্যাংক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলমাকান্দা থানা মোড় প্রদক্ষিণ করে। র্যালি শেষে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ব্যাংকিং সেবার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা, নিরাপত্তা ও সেবার মান বহুগুণে বৃদ্ধি পায়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল এবং আধুনিক করতে ক্যাশলেস ব্যবস্থার কোনো বিকল্প নেই।” এসময় তিনি স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসির নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ আজহারুল ইসলাম এবং এডিসি জোনাল ইনচার্জ স্বপন বর্মণ।
বক্তারা ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা, আধুনিক মোবাইল ব্যাংকিং, ঘরে বসে অনলাইন লেনদেন, কিউআর কোডভিত্তিক পেমেন্ট সিস্টেম এবং ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, এই সেবাগুলো গ্রাহকদের সময় বাঁচানোর পাশাপাশি আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেজাউল ইসলাম মণ্ডল (লিটু), মো. আলমগীর তালুকদার এবং আব্দুল বারেক খোকন মিয়া। তারা ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে পূবালী ব্যাংকের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে ব্যাংকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখার ব্যবস্থাপক সুব্রত ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী, ব্যাংকের সম্মানিত গ্রাহক, সুধীসমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সকলেই ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : বিশ্বনাথে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা


