জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে জামালপুরের বকশীগঞ্জ থানার নিলক্ষীয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আখলাছুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস) হিসেবে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভনে মানব পাচার চক্রের দুই সদস্যের সঙ্গে জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী ভুক্তভোগীরা জনপ্রতি ২০ লাখ টাকা করে দেন। পরবর্তীতে চক্রটি তাদের নেপালগামী ও ইতালিগামী বিমান টিকিট, বোর্ডিং পাস এবং ইতালির শেনজেন ভিসা সরবরাহ করে। এরপর গত ২৬ মে ভুক্তভোগীরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন। ইতালির রোম ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পাসপোর্টে সংযুক্ত শেনজেন ভিসা পরীক্ষা করে জাল বলে শনাক্ত করে। পরে তাদের আটক করে দুইদিন হেফাজতে রাখা হয় এবং ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ, সিআইডি ও অন্যান্য সংস্থা কর্তৃক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা ঘটনার বিস্তারিত তথ্য জানায়। তদন্তে স্পষ্ট হয় যে, মানবপাচারকারী চক্রটি বিদেশে বৈধ কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জাল ভিসা দেয়ার মাধ্যমে ভুক্তভোগীদের প্রতারণার ফাঁদে ফেলে এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
সি আইডি জানায়, এসব ঘটনায় পরবর্তীতে বিমানবন্দর (ডিএমপি) থানায় মামলা করে ভুক্তভোগীরা। পরে অভিযান চালিয়ে মোহাম্মদ আখলাছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পড়ুন : রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’


