জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর এলাকার কচুবাড়ি ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল হক (২৩) এবং নীলফামারীর জলঢাকা উপজেলার বালা গ্রাম এলাকার মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (২৪)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রামভদ্রপুর কচুবাড়ি ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা যোগে যাওয়ার পথে ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আইনুল হকের শরীরে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের, চালক গ্রেপ্তার


