চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের বসতঘরের প্রধান ফটকের সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে দেখতে পান সদ্য ভূমিষ্ঠ একটি কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে ফেলে রাখা হয়েছে। শিশুটির নাড়ি তখনও কাটা হয়নি এবং তার অবস্থা ছিল আশঙ্কাজনক।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নবজাতকটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে শিশুটি চিকিৎসা নিচ্ছে।
শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি তখনও বিস্তারিত অবগত নন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নবজাতককে এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কারা এবং কেন সেখানে রেখে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।


