চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে, অপহরণকারীদের পাঠানো বলে দাবি করা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ শিশুর নাম মো. জায়ান (৫)। সে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ গোবিন্দারখীল এলাকার নিজ বাড়ির আশপাশ থেকে জায়ান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর- ১০০৬।
এদিকে, শিশুটিকে অপহরণ করা হয়েছে দাবি করে পরিবারের কাছে একটি চিরকুট পাঠানো হয়। চিরকুটে লেখা রয়েছে, “পুলিশের কাছে গেলে ভালো হবে না। পুলিশের কাছে গেলে জায়ানের লাশ পাবি।” একই সঙ্গে শিশুটিকে জীবিত ফেরত পেতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিশুর পিতা মো. শাহজাহান জানান, তিনি একটি গ্যারেজের মালিক। কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। হঠাৎ করে তার সন্তান নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “শিশু নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পড়ুন- আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: এইচআরডব্লিউ


