দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে সিলেটে মারা গেছেন ২ জন, ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৮১৫ জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের। এ ছাড়া ৯৫ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।
পড়ুন : স্বাস্থ্যখাতে ৫ হাজার চিকিৎসক নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী


