বিজ্ঞাপন

চট্টগ্রামে ফটোগ্রাফারকে কুপিয়ে ছিনতাই, আহত ২

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এক ভিডিও ফটোগ্রাফারসহ দুই যুবককে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা।

আহতরা হলেন চন্দনাইশ উপজেলার মহাজনঘাটা এলাকার বিজন দাশের পুত্র রনি দাশ (৩০) এবং পটিয়া উপজেলার শোভনদণ্ডী রশিদাবাদ এলাকার মো. তানভীর (২৯)।

বুধবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় এ নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার রাতে চন্দনাইশের একটি অনুষ্ঠান শেষ করে ভিডিও ফটোগ্রাফার রনি দাশ ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গৈড়লার টেক এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা চাইনিজ কুড়াল দিয়ে রনির শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। একই সময় তানভীরকেও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় পেছনের অন্য একটি মোটরসাইকেলে থাকা রনির বন্ধুরা এগিয়ে এলে ছিনতাইকারীরা রনির সঙ্গে থাকা মূল্যবান ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন, মোটরসাইকেল, নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে বন্ধুরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যায়।

আহত রনির ছোট ভাই ইমন দাশ জানান, তার ভাই অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ ৪-৫ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করারও সুযোগ দেয়নি। কুড়াল দিয়ে কোপ মারার পর তার ভাই মাটিতে পড়ে যায়। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল, টাকা, ভিডিও ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। রাতে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

এদিকে, ব্যস্ততম এই মহাসড়কে এমন বর্বরোচিত ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় চালক ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “এটা নিয়ে আমাদের টিম কাজ করছে। যদিও এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে গেষ্ট হাউজে ফের পুলিশের অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন