চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার ইঙ্গিত রয়েছে—এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজনকে আরমান উদ্দিন বলে দাবি করা হলেও অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে—আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করা হবে কেন এসেছে। সেখানে ‘এমপি’ এবং স্থানীয় নিয়ন্ত্রণ প্রসঙ্গেও কথাবার্তা শোনা যায়। জবাবে আরমান উদ্দিন হিসেবে চিহ্নিত ব্যক্তিকে বলতে শোনা যায়, এমপিকে লোহাগাড়ায় না আসতে বলা হয়, তবে তবুও তিনি আসেন।
কথোপকথনের এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেওয়ার প্রসঙ্গও উঠে আসে। এর জবাবে আরমান উদ্দিন পরিচয়ে থাকা ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করেন।
অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা যায়নি।
এ বিষয়ে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি অডিও সম্পর্কে অবগত নন এবং আগে সেটি শোনার পর মন্তব্য করবেন বলে জানান। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ফাঁস হওয়া অডিওটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পড়ুন: ট্রাফিক নিয়ন্ত্রণে এআই: রাজধানীর আরও ১২০ মোড়ে আসছে স্মার্ট ট্রাফিক সিস্টেম
আর/


