নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরার ডগাই এলাকায় বসবাস করতেন। ফ্রিজের ওয়েস্টেজ মালামাল ডেলিভারি দিতে এসে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পলাতক ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।
পড়ুন- রোহিঙ্গাদের জন্য নতুন জমি চায় জাতিসংঘ, নাকচ করলো বাংলাদেশ


