ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন,“সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শনিবার (২০ জুন) দিনব্যাপী দোহার উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকালে সুতারপাড়া ইউনিয়নের পদ্মা বাইপাস নিকড়া-ডায়ারকুম সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন এমপি আবু আশফাক। পরে তিনি পর্যায়ক্রমে বানাঘাটা জাহিদ কমিশনারের বাড়ির রাস্তা, ঝনকি রানী বিল্ডিং সংলগ্ন রাস্তা, নারিশা পশ্চিম চর সড়ক, লটাখোলা সিপিডিএন ও ঢাকা প্রজেক্ট এলাকার রাস্তা, এসপি আনোয়ারের বাড়ির সামনের রাস্তা, কার্তিকপুর ব্রিজ সংলগ্ন সড়ক, চর কুশাই রাস্তা এবং বাংলাবাজার সড়কসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ১১টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এমপি আবু আশফাক বলেন, “বিগত সরকারের আমলে দখল হওয়া খাল-বিল পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দোহার-নবাবগঞ্জের প্রতিটি অঞ্চলে পর্যায়ক্রমে পাকা রাস্তা নির্মাণ করা হবে, যাতে জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়।” তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমি যত প্রতিশ্রুতি দিয়েছি, সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। আগামী পাঁচ বছরে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।”
তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে। উন্নত সড়ক যোগাযোগ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকা-েও গতি সঞ্চার করবে। একই সঙ্গে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার উপজেলা নির্বাহী প্রকৌশলী রাজু আলম, টিসিএল গ্রুপের চেয়ারম্যান তানভীর আহমেদ সানু মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাসেম বেপারী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পড়ুন : বগুড়ায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি


