মেহেরপুরের গাংনীর সহড়াতলা গ্রামের রিফুজিপাড়া সীমান্ত থেকে ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের মামলায় মিনারুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় দেন। একই সঙ্গে মামলায় মিনারুলের হাজতবাসের সময়কে সাজার অংশ হিসেবে গণনার নির্দেশ দেওয়া হয়েছে। অপর তিন আসামি আলমগীর হোসেন, রজব আলী ও জোহা আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে গাংনীর রিফুজিপাড়া সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় চারজন পালানোর চেষ্টা করলে মিনারুল ইসলামকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি প্লাস্টিকের বস্তায় মোট ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষী উপস্থাপন করে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌশুলী অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ আসাদুল আযম খোকন এবং মিনারুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ এহান উদ্দীন মনা।
পড়ুন : তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা


