চট্টগ্রামের পটিয়ায় প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল। সোমবার (২২ জুন) রাতে পটিয়া পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার মা আমজুমান আরা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তার বোন নাহিদা সুলতানা সুস্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
সোমবার রাতে কারাগার থেকে মুক্ত হয়ে আইয়ুব বাবুল পটিয়া সদরের আদালত জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন। রাত ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। এ সময় তিনি মায়ের রুহের মাগফিরাত কামনা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পটিয়া থানায় দায়ের হওয়া একাধিক মামলায় আইয়ুব বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তি দিয়ে পুলিশি প্রহরায় তাকে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কয়েকটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত প্রায় ১০ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।
পড়ুন : গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ


