প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ বাস্তবায়ন করছে। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রজাতির বৃক্ষের পাশাপাশি ফুলের চারা রোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহারের ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ অধ্যায়ে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টি এবং এর মাধ্যমে প্রায় ছয় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করা হয়েছে। খুকৃবির এ কর্মসূচি সেই জাতীয় উদ্যোগেরই অংশ।
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন


