ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এ ঘটনায় সওজের কার্য সহকারী আব্বাস উদ্দিন ও অভিযানে ব্যবহৃত এক্সেভেটর (ভেকু) চালক মো. মনির হোসেন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে সওজের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একদল দখলদার ও দোকানদার উচ্ছেদ কাজে বাঁধা দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা অভিযানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও ভেকু লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় ইটের আঘাতে ভেকু চালক মো. মনির হোসেন গুরুতর আহত হন। এছাড়া সওজের কার্য সহকারী আব্বাস উদ্দিনও আহত হন। গুরুতর আহত মনির হোসেন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে উপস্থিত ধামরাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন। পরে সাময়িকভাবে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মানিকগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, সওজের জায়গা দখলমুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ও স্থানীয় এমপি স্যারের নির্দেশনায় এখানে অভিযান চালানো হয়। কিন্তু অভিযানের সময় কিছু দখলদার সরকারি কাজে বাঁধা দিয়ে হামলা চালিয়েছে। আমাদের কর্মীরা আহত হয়েছে তারা চিকিৎসাধীন রয়েছে। আমরা এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে আমারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অভিযান পরিচালনা করে আসছিলাম। কিছু সময় পার হওয়ার পরই দোকানদাররা সরকারি কাজে বাঁধা ও হামলার ঘটনা ঘটনায়। এঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যত অব্যাহত থাকবে।
পড়ুন : দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে অবস্থান কর্মসূচি


