আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ জেলায় ৯ লাখ ৩০ হাজার ৭৭১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এই ক্যাম্পেইনে ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার ৭৮৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৮ লাখ ৩৮ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে ৫৯৭ জন সুপারভাইজার, ৭ হাজার ৩৮ জন স্বেচ্ছাসেবকসহ এনজিওকর্মী ও অন্যান্যরা কাজ করবে। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. ফয়সাল আহমেদ বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লক্ষ্যমাত্রা পূরণ করার উদ্দেশ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়া এবং ভিটামিন-এ এর উৎস সম্পর্কে নাগরিকদের সচেতন করায় মনোযোগী হবার পরামর্শ দেন তিনি।
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আলী এমদাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, ডা. রিপন রায়, ট্রাফিক ইনস্পেকটর গোলাম মাওলা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা


