বিজ্ঞাপন

২৮ জুন থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিবছর দুই দফায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত দিনে কোনো কারণে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ থেকে বাদ পড়লে পরদিন উপজেলা পর্যায়ে তা দেওয়া হবে। আর দুর্গম এলাকায় পরবর্তী চার দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, আজকের মধ্যেই সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে যাবে। এ উপলক্ষে ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ড. এম এ মুহিত বলেন, ১৯৯৫ সালে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হয়। শুধু অন্ধত্ব দূর করা বা অপুষ্টি কমানো নয়, শিশু মৃত্যুর হার কমাতেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, ৬ মাসের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয় না। কারণ তারা বুকের দুধ থেকে ভালো পরিমাণে ভিটামিন ‘এ’ পেয়ে থাকে। আগামী ২৮ জুন শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ বছরের দ্বিতীয় রাউন্ড ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

পড়ুন- চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন