নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে আব্দুল মোতালিব (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মেম্বার ও তার ভাগিনা মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহত আব্দুল মোতালিব মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আলফাজ উদ্দিন বেপারীর ছেলে।
শুক্রবার (২৬ জুন) সকাল ৬টার দিকে মুছাপুর ইউনিয়নের কুল চরিত্র এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্তরা হলেন মুছাপুর মিনারবাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মেম্বার এবং তার ভাগিনা মোহাম্মদ আলী।
পারিবারিক সুত্রে জানায়, প্রায় এক বছর আগে সুতার ব্যবসার জন্য আব্দুল মোতালিব স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিনকে ১২ লাখ ১৩ হাজার টাকা দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই টাকা ফেরত না পাওয়ায় বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গত ১২ জুন মহিউদ্দিনের বাড়িতে একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন মেম্বার বিষয়টির দায়িত্ব নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার ভোরে আব্দুল মোতালিব পাওনা টাকার বিষয়ে আনোয়ার মেম্বারের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনোয়ার মেম্বার তার দাড়ি ধরে ধাক্কা দেন এবং কিল-ঘুষি মারেন। এতে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী মহিউদ্দিন (৫৫) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তৈয়বুর রহমান।
এ বিষয়ে বন্দর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”
এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আনোয়ার মেম্বারের সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফেন একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।”
পড়ুন : আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক


