সাভারে নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাভার থানা ছাত্রদলের সদ্য অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব সামির।
শনিবার (২৭ জুন) দুপুরে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব সামির বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নেওয়ায় তিনি একটি প্রভাবশালী চক্রের রোষানলে পড়েছেন। এরই ধারাবাহিকতায় এক মাস আগের একটি ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, যে মারধরের ঘটনায় আমাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি যাকে মারধরের শিকার বলা হচ্ছে, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”
মাহাবুব সামির আরও বলেন, আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং তার সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে মাহাবুব সামিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং সাংগঠনিক বিষয়কে এক করে দেখার সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে এবং তার বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তির অবসান ঘটবে।
পড়ুন : সিরাজগঞ্জে কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ


