শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে বর্তমান সরকার নয়ছয় করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, এই হত্যার দ্রুত বিচার না হলে মাঠে আন্দোলনের মূখে এ সরকারের পতনও হতে পারে। অভিযোগ তুলেন, শহীদ হাদির বিচার নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে, বিচার করা নিয়ে সরকারের কোন স্বদিচ্ছা নাই জানিয়ে হুশিয়ারি দেন, জনগণ মাঠে নামার আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার বুঝিয়ে দেয়ার।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যার শিকার মুজিব আলীর বাড়ি গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে কুলাউড়া এনসিপি আয়োজিত সীমান্তবর্তী চাতলা বাজারে পথসভায় যোগ দেন তিনি।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নতুন করে বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে চোখ রাঙ্গানো শুরু হয়েছে, সীমান্তে হত্যা বন্দের বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে এবং বিএনপি সরকারের সময়ে যত সীমান্ত হত্যা হবে, তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, আমরা বিএনপি জামাত এনসিপি ভেদাভেদ করতে চাইনা, যারা চাঁদাবাজি ও দুর্নীতি করবে আমরা তাঁদের একটুও ছাড় দেবনা।
পথসভায় এনসিপির জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
গত ১২ জুন ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ভারতের অভ্যন্তরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দওগ্রামের মো: অজিব আলীর ছেলে মো: মুজিব আলী নিহত হন। পরে মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়ন জানায়, মুজিব আলী দীর্ঘদিন থেকে বাংলাদেশি চোরাকারবারের সাথে সম্পৃক্ত ছিলেন।
পড়ুন : নোয়াখালীতে সরকারি গাছ কাটার ঘটনায় আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন


