জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোডে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার।
বক্তারা বলেন, মাদারগঞ্জ–সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা হবে। এতে ব্যবসা-বাণিজ্যের বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য নাগরিক সেবায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
তারা আরও বলেন, প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং এ অঞ্চলের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন। অংশগ্রহণকারীরা দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পড়ুন- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার


