জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার ‘বাঁকা পথে’ ক্ষমতায় এসেছে। তাই জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। তিনি ঘোষণা দিয়েছেন, সরকারের পতনের লক্ষ্য নিয়ে সারা দেশে ১০টি বিভাগীয় সমাবেশ করবে তার দল।
রোববার (২৮ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীমান্ত হত্যা ও গুম নিয়ে ক্ষোভ বড়লেখা সফরকালে বিএসএফ কর্তৃক সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত হত্যা বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া, ইলিয়াস আলীকে গুমের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নির্মম ও জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং এর সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
মতবিনিময় সভার আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বড়লেখা বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ চত্বরে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সাথে নিয়ে ভারতের সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় পুরো এলাকা ‘দিল্লী না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘গোলামী না আজাদী—আজাদী, আজাদী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বড়লেখা উপজেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা এমাদুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক তামিম আহমদ এবং খেলাফত মজলিস নেতা এম এম আতিকুর রহমানসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মৌলিক অধিকার এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
পড়ুন : জবিতে শিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠিত


