শরীয়তপুরের সখিপুরের চরভয়রা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর ও বিশিষ্ট সাংবাদিক বেনজীর আহমেদ।
বেনজীর আহমেদ চরভয়রা উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি প্রাক্তন শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে সততা, দক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি সুপরিচিত।
এর আগে ২০২৫ সালে প্রথমবারের মতো বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত ও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রশংসা অর্জন করেন।
পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি নতুন সাফল্যের পথে এগিয়ে যাবে।
এ উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
পুনরায় দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বেনজীর আহমেদ বলেন, “চরভয়রা উচ্চ বিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। এই বিদ্যালয় থেকেই আমার শিক্ষাজীবনের ভিত্তি গড়ে উঠেছে। আমাকে পুনরায় এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শফিকুর রহমান কিরন সাহেব দীর্ঘদিন ধরে চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন। ১৯৯৫ সালে বিদ্যালয়টিতে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তাঁর নিজস্ব অর্থায়নে নির্মিত ‘কিরন ভবন’ আজও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
কিরন সাহেবের সুস্পষ্ট নির্দেশনা হলো—এই শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ রাজনীতিমুক্ত, সুশাসনভিত্তিক এবং শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার জায়গা আরও সুদৃঢ় করতে হবে। আমি সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
পড়ুন : ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন


