নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিষমুক্ত ফসল চাষ এবং এলাকায় লতি কচু উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর শাকুর সাদী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, পার্টনার স্কুলের সদস্য মাহবুবুল আলম এবং কৃষক কাজল।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, পার্টনার স্কুলের সদস্য, তরুণ ও নারী কৃষি উদ্যোক্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মোহনগঞ্জের মাটি ও আবহাওয়া লতি কচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে বাণিজ্যিকভাবে লতি কচু উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে উৎপাদিত লতি কচু দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।
একই সঙ্গে বক্তারা জনস্বাস্থ্যের নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না; উৎপাদিত শস্য ও কৃষিজাত সকল পণ্য হতে হবে সম্পূর্ণ বিষমুক্ত ও পুষ্টিগুণ সম্পন্ন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোহনগঞ্জের কৃষকদের প্রতি আহ্বান জানান তারা।


