ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তঘেঁষা একটি বাড়িতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রেখে মাদক কারবার পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ১২টি সিসি ক্যামেরা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার (২৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেনারবাদী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনারবাদী গ্রামের আবু জাহের মিয়ার ছেলে মো. ইদন মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ইদন মিয়া ও তাঁর ভাই কালু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তাঁদের বসতঘরের চারপাশে একাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। অভিযানে বাড়ি থেকে ১২টি সিসি ক্যামেরা খুলে ফেলা হয়। পাশাপাশি দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাই সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ইদন মিয়াকে একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, ইদন মিয়ার ভাই কালুকে এর আগেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


