গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত আগামী ফ্যাশন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম শামীম (২৬)। তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে কারখানায় দায়িত্ব পালনকালে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা জানান, শামীম পরিবারের বড় ছেলে ছিলেন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েই তিনি গাজীপুরে চাকরি করতে এসেছিলেন। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে কয়েকজন সহকর্মীর অভিযোগ, কারখানার বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তাদের দাবি, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা তদন্ত করে দেখা হবে।
পড়ুন : কোনাবাড়ীতে বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন সিটি প্রশাসক


