বিজ্ঞাপন

নাগরিক টিভি ও বঙ্গ-এর পর্দায় বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বাংলাদেশি দর্শকদের জন্য চমক নিয়ে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নাগরিক টিভি’ এবং দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বর্ণাঢ্য জীবন এবং সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের ব্লকবাস্টার মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার দেখা যাবে বাংলা ভাষায়।

আগামী ২ আগস্ট থেকে ঐতিহাসিক এই সিরিজটি বাংলাদেশে সম্প্রচার শুরু হতে যাচ্ছে। রোববার (৩০ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২ আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গে দর্শকরা উপভোগ করতে পারবেন বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের মূল কাহিনী আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর যাত্রা নিয়ে।

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাথা সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি ও দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়েছে।

এই ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে বঙ্গ-এর হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনী দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বঙ্গ সব সময়ই আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে তুলে ধরতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের সকল দর্শকদের দারুণভাবে এন্টারটেইন করবে।”

অন্যদিকে, নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক এই যৌথ উদ্যোগের বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করে বলেন, “নাগরিক টিভি সব সময়ই দর্শকদের মানসম্মত ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে আসছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একটি বিশ্বমানের প্রোডাকশন বাংলায় সম্প্রচারের মাধ্যমে আমরা সেই ধারা অব্যাহত রাখছি। বঙ্গ-এর সাথে এই পার্টনারশিপ আমাদের বিনোদন জগতকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

সংবাদ সম্মেলনে নাগরিক টিভির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বাবু বলেন, “দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই আমরা সব সময় অনুষ্ঠান সাজানোর চেষ্টা করি। ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ শুধু একটি বিনোদনমূলক সিরিজ নয়, এটি একটি ঐতিহাসিক দলিল। চমৎকার ডাবিং এবং আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে আমরা সিরিজটিকে বাংলার দর্শকদের কাছে এতটাই জীবন্ত করে তুলতে চেয়েছি যেন তারা সেই ঐতিহাসিক যুগের একটা অংশ হয়ে উঠতে পারেন। আমরা আশা করছি, এই সিরিজটি নাগরিক টিভির পর্দায় এক নতুন মাইলফলক তৈরি করবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক টিভি এবং বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার এবং পোস্টার উন্মোচন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বিপুল উৎসাহ তৈরি করে। এছাড়া সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জন্য একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়, যেখানে তিন ভাগ্যবান বিজয়ীর হাতে উপহার হিসেবে এসি, টিভি এবং স্মার্টফোন তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাজিল জয়ে উচ্ছ্বাসে মেতেছে শোবিজ তারকারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন