লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন এসএসসি ও এইচএসসি (বিএমটি) এবং আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে তিনটি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে রায়পুর সরকারি কলেজ, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ ও রায়পুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সভা-সমাবেশ, মাইকিং, ফটোকপিয়ার মেশিনসহ উচ্চ শব্দযুক্ত যেকোনো যন্ত্র ব্যবহার এবং হর্ন বাজানোও নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এ আদেশ জারি করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া বলে জানান তিনি।


