ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি প্রয়াত আলী খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। পরে তিনি সেখানে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে গতকাল তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান। পাশাপাশি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধানের পক্ষেও মত দেন তিনি।
বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার।
সফরের অংশ হিসেবে তিনি ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। এ সময় ইরানের ক্রীড়ামন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জবাবে স্পিকার বিষয়টি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
পরে ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও বাড়ানোর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান।
পড়ুন: জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ মূল্যায়ন করবে: প্রধানমন্ত্রী
আর/


