আব্দুল্লাহ আল লোমান,জামালপুর : সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে তিন মাসের শিক্ষাবৃত্তির অর্থ হিসেবে মোট ১১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি। সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনগুলোরও। তিনি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও নাজনীন আখতার বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রম মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।
আয়োজকরা জানান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
পড়ুন:সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ ও হরিণের ফাঁদসহ আটক ৪
দেখুন:কঠিন জয়ের পর থামছে না আর্জেন্টাইন সমর্থকদের বাঁধভাঙা উল্লাস
ইমি


