বিশ্বরাজনীতির প্রভাব যে কেবল আন্তর্জাতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, তারই একটি ব্যতিক্রমী উদাহরণ দেখা গেল মাদারীপুরের শিবচর উপজেলায়। ইসরাইলের প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্টের সমর্থনের প্রতিবাদ জানিয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন বর্জনের ঘোষণা দিয়েছেন রবিন চৌধুরী নামে এক যুবক।
শনিবার (৪ জুলাই) বিকেলে শিবচরে এ ঘটনা ঘটে। পরে তার প্রতিবাদের ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়া।
রবিন চৌধুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক ছিলাম। কিন্তু একজন মুসলমান হিসেবে ইসরাইলের প্রতি সমর্থন জানানো কোনো অবস্থানকে আমি সমর্থন করতে পারি না। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে দুধ দিয়ে গোসল করেছি এবং আর্জেন্টিনার সমর্থন বর্জনের ঘোষণা দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমার এই প্রতিবাদ কোনো দেশের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়; এটি একটি রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ।”
স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। কেউ এটিকে ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন খেলাধুলা ও আন্তর্জাতিক রাজনীতিকে আলাদা রাখা উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে অনেকে নিজেদের অবস্থান জানাচ্ছেন। কেউ রবিনের প্রতিবাদকে সমর্থন করছেন, আবার কেউ এটিকে আবেগপ্রসূত সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রভাব এখন দেশের সাধারণ মানুষের চিন্তা ও অনুভূতিতেও পড়ছে। ফলে খেলাধুলার সমর্থন কিংবা ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রেও রাজনৈতিক অবস্থান অনেক সময় আলোচনার কেন্দ্রে চলে আসছে।
স্থানীয় যুবক সাব্বির হোসাইন আজিজ বলেন, এভাবেই আমাদের সকলের ইসরাইলের বিপক্ষে প্রতিবাদ করা উচিত। ইসরাইল মুসলমানদের উপর অত্যাচার করে তাই আমরা মুসলিমরা সকলে ঐক্য থাকলে আমাদের কেউ আর ক্ষতি করতে পারবেনা।
এ বিষয়ে এ বিষয়ে মাদারীপুর জজ কোর্টের এ্যাডভোকেট আবুল হাসান সোহেল বলেন, প্রত্যেকটা নাগরিকেরই প্রতিবাদ করার ক্ষমতা রাখে। এই ছেলেটা যে প্রতিবাদ করেছে এটা আসলেই সঠিক প্রতিবাদ। আমাদের সকলের উচিত প্রতিবাদ করা।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, শিবচরের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্জন করে দুধ দিয়ে গোসল করার ভিডিও দেখেছি। কেন করেছে এ বিষয়ে আমরা জানিনা। জানার জন্য খোঁজ-খবর নিতেছি।
রবিন চৌধুরীর এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পড়ুন : নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু


