নির্ধারিত ৯০ মিনিট লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের ঠিক আগমুহূর্তে মিকেল মেরিনোর গোল—এই নাটকীয়তায় পর্তুগালকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন। সোমবার (৬ জুলাই) রাতে ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে ১-০ গোলের জয়ে শিরোপার দৌড়ে টিকে থাকল ‘লা রোহা’রা। অন্যদিকে, বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোদের পথচলা থামল শেষ ষোলো থেকেই।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েছিল। নবম মিনিটে স্পেন এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ নষ্ট করেন মিকেল ওইয়ারসাবাল। এর তিন মিনিট পরই পাল্টা আক্রমণে রোনালদোর জোরালো শট দুর্দান্তভাবে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকই ছিলেন উজ্জ্বল। বিশেষ করে ১৭তম মিনিটে এবং প্রথমার্ধের শেষ দিকে দিয়েগো কস্তা পর্তুগালের ত্রাতা হয়ে দাঁড়িয়ে বারবার নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তাপ বাড়লেও গোলের দেখা মিলছিল না। ৫৬তম মিনিটে নুনো মেন্দেসের ইনজুরি পর্তুগালের রক্ষণভাগে কিছুটা ছন্দপতন ঘটায়। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোকে উঠিয়ে নেন। তাদের বদলে রাফায়েল লিয়াও ও দিয়োগো দালতকে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করলেও ফল আসেনি।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখনই ম্যাচের ভাগ্য লিখে দেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। এই একটি গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির। অন্যদিকে, বিশ্বকাপে রোনালদোর শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হলো এই এক গোলের আঘাতেই। জয়ের আনন্দে ভাসছে স্পেন, আর হারের বেদনায় বিমর্ষ পর্তুগাল বিদায় জানাল টুর্নামেন্টকে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

