জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বনখুর এবং আক্কেলপুর উপজেলার পাঠানধারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে এক শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- জেলার পাঁচবিবির অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম (৩৫) এবং আক্কেলপুরের পুন্ডুরিয়া গ্রামের সাজ্জাদ হোসেন (৪০)। নিহত অপর নারীর (৪০) নাম-পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সদর উপজেলার বনখুর এলাকায় ঘটনা এ দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ৯ জন আহত হন।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহতদের হাসপাতালে আনার পর এক নারী ও এক পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি সাতজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়পুরহাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নুরুন নবী বলেন, এঘটনার সাথে জড়িত ট্রাকের চালককে স্থানীয়রা আটক করেছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এদিকে, এদিন দুপুরেই আক্কেলপুর উপজেলার পাঠানধারা এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।
আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী সাজ্জাদ হোসেন মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন:ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে
ইমি/


