একদিকে সড়ক দুর্ঘটনার আর্তচিৎকার, অন্যদিকে হাসপাতালে আহতদের স্বজনদের কান্না। এমন এক হৃদয়বিদারক মুহূর্তে দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গাংনী থানা পুলিশের সদস্যরা।
বুধবার(৮ জুলাই) দুপুরে মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই একটি লাটাহাম্বা উল্টে একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। পুলিশের পোশাকের আড়ালে যেন ফুটে ওঠে মানবতার মুখ।
কেউ আহতদের হাতপাখা দিয়ে বাতাস করছেন, কেউ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন, কেউ আবার জরুরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে ছোটাছুটি করছেন। আহতদের মধ্যে কয়েকজনের কাছে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকাও ছিল না। বিষয়টি জানতে পেরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী কোনো আনুষ্ঠানিকতা নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়ার অর্থ দিয়ে দেন, যাতে চিকিৎসায় কোনো বিলম্ব না হয়।
হাসপাতালে উপস্থিত অনেকেই বলেন, দুর্ঘটনার সময় পুলিশকে শুধু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে নয়, অসহায় মানুষের আপনজন হয়ে পাশে দাঁড়াতে দেখা গেছে। আহতদের সেবা, স্বজনদের সান্ত্বনা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে তাদের আন্তরিকতা সবার নজর কেড়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ আমরা পুলিশের আরেকটি মুখ দেখলাম। তারা শুধু দায়িত্ব পালন করেনি, মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করে পাশে দাঁড়িয়েছে। এই দৃশ্য সহজে ভোলার নয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করেছি। একজন আহত মানুষ যেন শুধু টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটিই ছিল আমাদের লক্ষ্য।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার, হাসপাতালে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। গাংনী থানা পুলিশের সদস্যরা আজ যে মানবিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মানুষের জীবন রক্ষা ও সেবাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
দুর্ঘটনার এই শোকাবহ ঘটনার মধ্যেও গাংনী থানা পুলিশের মানবিক উপস্থিতি সাধারণ মানুষের মনে নতুন করে আস্থা তৈরি করেছে। অনেকেই বলছেন, পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণই জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ককে আরও দৃঢ় করবে।
পড়ুন : ধামরাইয়ে ডিবি পরিচয়ে অপহরণ, বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪


