পেশিশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞ আদালতে বিচারাধীন সম্পত্তি জোরপূর্বক জবরদখল, পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠানে (পার্টি সেন্টার) সশস্ত্র হামলা, ব্যাপক লুটপাট এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দলমত নির্বিশেষে সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ, এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বুধবার (৮ জুলাই-২০২৬) দিনাজপুর শহরের বাসুনিয়া পট্টিস্ত ঘটনাস্থলের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা তাদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তিনটি মূল দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো: ১ হামলাকারী, ভাংচুরকারী ও ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২ দায়েরকৃত মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা পাল্টা মামলার সুষ্ঠু ও সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে হবে।
৩ ভুক্তভোগী পরিবার এবং মামলার সাক্ষীদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে পার্টি সেন্টারের পরিচালক সৈয়দ আলমামুন ইসলাম রনি বলেন, আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক সম্পত্তি দখল এবং ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো আইনের শাসনের পরিপন্থী।
তিনি অবিলম্বে এই অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।
পড়ুন : ধামরাইয়ে ডিবি পরিচয়ে অপহরণ, বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪


