বাংলাদেশের গোপালগঞ্জে দিনভর সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার।
এর আগে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
একটি পুলিশ বক্স ভাংচুরের খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশের গাড়ীতে ‘জয় বাংলা’ শ্লোগান লিখে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এছাড়া শহরে প্রেসক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং প্রেসক্লাবের ভেতরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দিনভর এ বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র, লগি বৈঠা ও লাঠি দেখা গেছে। কয়েকটি স্থানীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
একই সাথে বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে কলেজের আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল।
বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে মুক্তিযুদ্ধ চত্বর ব্যানার টানানো হয়। পরে অবশ্য একদল শিক্ষার্থী এসে আবার হাদি চত্বর নাম লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।
বিক্ষোভের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে শহরজুড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে।
বিকেলে গোপালগঞ্জে থাকা ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জেলায় পুলিশের ১৩৫০ অফিসার ও ফোর্স নিয়োজিত ছিল। গোপালগঞ্জে সদর ছাড়াও পৌরসভা ও উপজেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল বলে তিনি জানান।
“ন্যাশনাল হাইওয়ে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। মূল শহরে মোতায়েন থাকা পুলিশ সরকারি স্থাপনা সুরক্ষিত করেছে। গোপালগঞ্জ পুলিশ ছাড়াও অন্যান্য জেলা থেকে অফিসার ফোর্স নিয়োজিত করা হয়েছে। জননিরাপত্তায় যা যা দরকার আমরা তাই করে যাবো,” বলেছেন তিনি।
ওই প্রেস ব্রিফিং-এ বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
“পর্যাপ্ত লোকবল প্রস্তুত রাখা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে সরকারি সম্পদ ও জনগণের সম্পত্তিতে কোনো নাশকতা বরদাশত করা হবে না। বিজিবি সদস্যরা ও অন্য সব সংস্থার সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন কবেন। আজ জেলা প্রশাসনের অফিস কমপ্লেক্সে দেড় দুই হাজারের বেশি লোকের ঘেরাওয়ে পরিস্থিতি তৈরি হলেও সব বাহিনী শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে এসেছে,” বলছিলেন তিনি।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯শে নভেম্বর তার দলের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে তার প্রস্তুতির অংশ হিসেবে গোপালগঞ্জে রবিবার বিক্ষোভ জমায়েত করেছে অন্তর্বর্তী সরকারের সময় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত কয়েকজন জানিয়েছেন, সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের আশেপাশের এলাকা থেকে একের পর এক মিছিল আসা শুরু হয়। মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে বিপুল সংখ্যক নেতাকর্মীকে এ সময় জেলা শহরে প্রবেশ করতে দেখা যায়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান এবং চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে সরিয়ে দিয়েছে সরকার। তাদের সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
পড়ুন : টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে আহত


