যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে (আইআরআইবি) প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে তাদের ‘শাস্তিমূলক জবাবের’ প্রথম ধাপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। হামলাটি আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে পরিচালিত হয়েছে।
আইআরজিসির দাবি, চারটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলি সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর বাহরাইনে হামলা চালানো হয়েছে জুফাইর ও শেখ ইসা বিমান ঘাঁটিতে। আইআরজিসি বলেছে, এসব ঘাঁটির ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনা’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
এই হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার (৮ জুলাই) রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালায়। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের সামরিক অবকাঠামো, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র অবস্থান এবং সামরিক লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
পড়ুন : যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
সা/


