চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী জান্নাতুল নেসা ওরফে ইরা মনি হত্যা মামলার রায় বৃহস্পতিবার (৯ জুলাই) ঘোষণা করা হবে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ মামলার রায় ঘোষণা করবেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানান, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেওয়া ও বেড়াতে নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ (৪৫) ইরা মনিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকার পাহাড়ে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানোর পর ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়। একই দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তে জানা গেছে, শিশুটির বাবার সঙ্গে পূর্বের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত।
তদন্ত শেষে ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ১৮ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। মামলার বিচারকালে মাত্র ১০ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সর্বশেষ গত ৩০ জুন আসামি বাবু শেখ সাফাই সাক্ষ্য দেন।
নিহত ইরা মনি সীতাকুণ্ডের ছোট কুমিরা মাস্টারপাড়ার বাসিন্দা ছিল। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
রায় ঘোষণার দিন নির্ধারিত হওয়ায় আলোচিত এ মামলায় ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছেন নিহত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
পড়ুন: জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আর/


