বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীকে এই অবস্থা থেকে বের করে আনতে পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং অপরিকল্পিত শিল্পায়ন বন্ধে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে তৃতীয়, যা উদ্বেগের বিষয়।
তিনি বলেন, রাজধানীকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি যত্রতত্র শিল্পকারখানা স্থাপনের প্রবণতা বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, উন্নত দেশগুলোতে এভাবে পরিকল্পনাহীনভাবে শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ নেই।
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন নন। তাই পরিবেশ রক্ষায় জনগণকে সম্পৃক্ত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
পড়ুন: উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
আর/


