সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার, মিথ্যা খবর ও গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মৌলভীবাজারে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাসুম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। কোনো তথ্য প্রচারের আগে তার উৎস ও সত্যতা যাচাই করা জরুরি। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সমাজে দায়িত্বশীল তথ্যচর্চা ও ভুয়া তথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
পড়ুন:কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশের সন্ত্রাস ও মাদক বিরোধী সভা
ইমি/


