মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে থাকত। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের।
জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদেরও ভোগান্তি বেড়ে যেত। অনেক সময় ছোট যানবাহন কাদাপানিতে আটকে পড়ত। পথচারীদের কাদা ও পানি মাড়িয়ে চলাচল করতে হতো। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, যাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হতো।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা সমাধানের অপেক্ষায় ছিলেন।
অবশেষে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিবা চৌধুরীর অর্থায়নে বৃহস্পতিবার বিকেলে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করা হয়। সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন।
এদিকে দীর্ঘদিন পর সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে বহু বছরের জনদুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে এবং রতুলি বাজার এলাকার মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন বলেন, “রতুলি বাজার এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় মানুষের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতায় সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন।”
স্থানীয়দের প্রত্যাশা, সংস্কার কাজ শেষ হলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগের যে চিত্র এতদিন দেখা গেছে, তার অবসান ঘটবে এবং রতুলি বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও টেকসই ও জনবান্ধব হয়ে উঠবে।
পড়ুন : সিরাজগঞ্জে বাস চাপায় অটোভ্যানের যাত্রী মা-ছেলে নিহত, আহত ৩


