চট্টগ্রামের পটিয়ায় এক যুবকের পায়ুপথে জোঁক প্রবেশের বিরল ঘটনায় সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের দক্ষতায় সফলভাবে জোঁকটি অপসারণ করা হয়েছে।
আক্রান্ত যুবকের নাম নয়ন বিশ্বাস। তিনি স্থানীয় প্রদীপ বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মাছ ধরতে পানিতে নামলে অসাবধানতাবশত একটি জোঁক তার পায়ুপথে প্রবেশ করে। এরপর তীব্র অস্বস্তি ও ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এমদাদুল হাসান প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষ কৌশলে অস্ত্রোপচার ছাড়াই জোঁকটি সফলভাবে অপসারণ করেন।
ডা. এমদাদুল হাসান জানান, রোগী পায়ুপথে তীব্র ব্যথা ও অস্বস্তি নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষা করে জোঁকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সতর্কতার সঙ্গে সেটি অপসারণ করা হয়। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, পুকুর, খাল-বিল বা জলাবদ্ধ স্থানে মাছ ধরা কিংবা গোসলের সময় সতর্ক থাকতে হবে। এমন কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
পড়ুন : জনদুর্ভোগের অবসান: কলমাকান্দায় রাস্তা মেরামত কাজের উদ্বোধন


