ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৭ হাজার ৯০৭ জন বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে জরুরি সহায়তার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার সংগ্রহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, এখন পর্যন্ত অন্তত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। পাশাপাশি প্রায় ১৭ হাজার ৯০৭ জন মানুষ নিজ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।
এদিকে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এর পেছনে বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং নিয়মিত স্বাস্থ্যসেবার ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
পাহোর পরিচালক জারবাস বারবোসা বলেন, আগামী কয়েক সপ্তাহে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি শুধু ভূমিকম্পে আহতদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া, আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত মানুষের উপস্থিতি, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের সংকট, পাশাপাশি টিকাদান ও নিয়মিত চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটার কারণেও পরিস্থিতি জটিল হতে পারে।
তিনি আরও জানান, ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি জোরদার এবং বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার পর্যবেক্ষণে কাজ করছে পাহো।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থের মাধ্যমে জরুরি সহায়তার প্রয়োজন রয়েছে এমন প্রায় ১৩ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, ভূমিকম্পের দুই সপ্তাহ পর দেখা যাচ্ছে, শুধু আহত ব্যক্তিরাই নন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগা মানুষও চিকিৎসাসেবার জন্য আশ্রয়কেন্দ্রে আসছেন। তাই তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তরাঞ্চলের লা গুয়ারা অঙ্গরাজ্যের কাতিয়া লা মার এলাকায় কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে চর্মরোগ, ডায়রিয়া এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগের ওষুধের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পড়ুন: নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বৃদ্ধা হত্যায় গ্রেপ্তার ৫


