সিরাজগঞ্জে নিরাপদ পানির জন্য স্থাপিত একটি গভীর নলকূপের পানির সাথে গ্যাস সাদৃশ্য পদার্থ বের হচ্ছে। আগুনের সংস্পর্শে তা দাউ দাউ করে জ্বলে উঠছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার পর্যন্ত সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চালা মহল্লার বেলকুচি থানার সামনে মাজেম মিয়ার গড়ান নামে স্থানে পানির পাইপের সাথে গ্যাস বের হচ্ছে। পানির পাইপের সাথে গ্যাস বের হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটা গ্যাস সাদৃশ্য পদার্থ। আমরা এটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি।
স্থানীয়রা জানান, নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য পৌরসভা থেকে নলকূপটি নতুন স্থাপন করা হয়। কিন্তু বৃহস্পতিবার নলকূপটি প্রথম চালু করলে পানি বের হওয়ার সাথে সাথে শোঁ শোঁ শব্দ করছিল। পরে গ্যাস সন্দেহে আগুন দিলে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ দৃশ্য দেখতে এলাকাবাসী ছুটে চলে এসেছে।
গ্যাসে আগুন দেওয়ার পর তিন-চার ফুট উচ্চতা পর্যন্ত আগুন জ্বলে ওঠে। পানি ও গ্যাস একসঙ্গে বের হওয়ায় এই পানি ব্যবহার করা ঠিক হবে কি-না, তা নিয়েও সংশয়ে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছিল। তারা এসে প্রাথমিকভাবে গ্যাসের কিছু অস্তিত্বের সন্ধান পেয়েছেন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এসএম তারিকুল ইসলাম বলেন, বেলকুচিতে পানির পাইপের সাথে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে আমাদের ভাষায় এ গ্যাসকে বলা হয় পকেট গ্যাস। এ গ্যাস উত্তোলনযোগ্য নয়। সাধারণত পাহাড়ি এলাকায় অথবা কোনো নিচু স্থানে ভরাটের পর এ ধরণের গ্যাস দেখা যায় বলে তিনি জানান।
পড়ুন : অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাঙ্গাবালীর ১৬ মাঝিমাল্লা


